সত্যাগ্রহ আন্দোলন
গান্ধীজি রাওলাট আইনের বিরুদ্ধে একটি জাতীয় প্রতিবাদ আন্দোলনের সূচনা করেন। সকল অফিস ও কলকারখানা বন্ধ হয়ে যায়। ভারতীয়দের সরকারি স্কুল, পুলিশ বিভাগ, সেনাবাহিনী ও সরকারি চাকুরি ত্যাগে উৎসাহিত করা হতে থাকে। আইনজ্ঞরা সরকারি আদালত বর্জন করেন। গণ-পরিবহণ, ব্রিটিশ দ্রব্যসামগ্রী বিশেষত কাপড় বর্জিত হয়।
বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, মোহাম্মদ আলী জিন্নাহ, অ্যানি বেসান্ত প্রমুখ বরিষ্ঠ নেতা এই আন্দোলনের বিরোধিতা করেন। সারা ভারত মুসলিম লীগ এর সমালোচনাও করেন। কিন্তু দেশের তরুণ জাতীয়তাবাদীগণ এই আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে গান্ধীজিকে সমর্থন করেন। তাঁর পরিকল্পনা গ্রহণ করে কংগ্রেস এবং মৌলানা আজাদ, মুখতার আহমেদ আনসারি, হাকিম আজমল খান, আব্বাস তয়েবজি, মৌলানা মহম্মদ আলি ও মৌলানা শওকত আলি প্রমুখ মুসলিম নেতা তাঁকে সমর্থন করেন।
১৯১৯ ও ১৯২০ সালে গান্ধীজি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন – এমনকি সারা ভারত হোমরুল লিগ যেখানে একদা জিন্নাহ্, তিলক ও বেসান্তের মতো নেতানেত্রীর কর্তৃত্ব বজায় ছিল, সেখানেও তিনি সভাপতি নির্বাচিত হন।