বলি - জয় গোস্বামী---সংকলিত (জয় গোস্বামী) 

…অনামিকা কই? কাজল কোনদিকে গেল?

সায়ন কোথায়?

পিছনে তাকিয়ে দেখি সঙ্গে কেউ নেই

প্রান্তরের মধ্যে এক যূপকাষ্ঠ—অর্ধেক প্রোথিত—

ধারে কাছে কোনও ধড় নেই

মুণ্ডুরা উধাও ।

ধুলোয় শোওয়ানো আছে খাঁড়া ।

চেনে চেনে লাগে বড় ।

ইতি পূর্বে দেখা হয়েছে কি?

সত্তর – একাত্তর – বাহাত্তর সালে

এঁদের দেখেছি বটে ।

তারপর কি কোখাও দেখিনি?

হ্যাঁ মনে পড়েছে ।

লালাবাজারে এই খাঁড়া ঝোলানো রয়েছে ।

যূপকাষ্ঠ আছে মহাকরণের বুদ্ধিঘরে ।