ঈশ্বর আর প্রেমিকের সংলাপ - জয় গোস্বামী---আজ যদি আমাকে জিজ্ঞেস করো 

– ‘সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে?’

বিনা চেষ্টায় মরে যাব একেবারে



— ‘সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান?’

বৃষ্টিতে, আমি বৃষ্টিতে খানখান



— ‘সে যদি তোমাকে পিষে করে ধুলোবালি?’

পথ থেকে পথে উড়ে উড়ে যাব খালি



— ‘উড়বে?– আচ্ছা, ছিঁড়ে দেয় যদি পাখা?’

পড়তে পড়তে ধরে নেব ওর শাখা



— ‘যদি শাখা থেকে নীচে ফেলে দেয় তোকে?’

কী আর করব? জড়িয়ে ধরব ওকেই



বলো কী বলব, আদালত, কিছু বলবে কি এরপরও?

— ‘যাও, আজীবন অশান্তি ভোগ করো!’