স্পর্শের প্রজ্বলন কবি: বুদ্ধদেব বসু

এমন দিনে তারে বলা যায়,

আজকের মতো এই বর্ষার দিনে ।



কিন্তু বলবার কিছু নেই যে ।

এখন আর

কিছু বলবার কথা নেই ;

এখন শুধু স্পর্শের স্বাক্ষর,

স্পর্শের প্রজ্বলন ।



স্পর্শ, স্পর্শ !

আগুনের শাঁস,

ঈশ্বরের শরীর ।

এখন আর কিছু বলবার নেই ।

এখন শুধু স্পর্শের লাল ফুলের উন্মীলন ।



কেন আমি একা?

কেন আমার বুকের মধ্যে এই বর্ষার হাওয়ার হাহাকার ?

কেন তুমি একা,

তোমার মুখ অমন ম্লান কেন, কেন তোমার চোখের নিচে ক্লান্তির কালো ফুল ?



কেন আমাদের মাঝখানে এই মানুষের দেয়াল ?