স্টিল্ লাইফ কবি: বুদ্ধদেব বসু

সোনালি আপেল, তুমি কেন আছ ? চুমো খাওয়া হাসির কৌটোয়

দাঁতের আভায় জ্বলা লাল ঠোঁটে বাতাস রাঙাবে ?

ঠাণ্ডা, আঁটো, কঠিন কোনারকের বৈকুণ্ঠ জাগাবে

অপ্সরীর স্তনে ভরা অন্ধকার হাতের মুঠোয় ?



এত, তবু তোমার আরম্ভ মাত্র । হেমন্তের যেন অন্ত নেই ।

গন্ধ, রস, স্নিগ্ধতা জড়িয়ে থাকে এমনকি উন্মুখ নিচোলে ।

তৃপ্তির পরেও দেখি আরও বাকি, এবং ফুরালে

থামে না পুলক, পুষ্টি, উপকার । কিন্তু শুধু এই ?



তা-ই ভেবে সবাই ঘুমিয়ে পড়ে । কিন্তু মাঝে মাঝে

আসে ভারি-চোখের দু-এক জন কামাতুর, যারা

থালা, ডালা, কাননের ছদ্মবেশ সব ভাঁজে-ভাঁজে



ছাঁড়ে ফেলে, নিজেরা তোমার মধ্যে অদ্ভুত আলোতে

হ’য়ে ওঠে আকাশ, অরণ্য আর আকাশের তারা —

যা দেখে, হঠাত্ কেঁপে, আমাদেরও ইচ্ছে করে অন্য কিছু হ’তে ।