কবিতার নাম: সমর্পণ কবি: বুদ্ধদেব বসু

নদীর বুকে বৃষ্টি পড়ে,

জোয়ার এল জলে ;

লুকিয়ে-রাখা আশার মতো

বাঁশের ফাঁকে ইতস্তত

একটি-দুটি ম্লান জোনাক

ক্কচিৎ নেবে জ্বলে ।

আকাশ- ভরা মেঘের ভারে

বিদ্যুতের ব্যথা

গুমরে উঠে জানায় শুধু

অবোধ আকুলতা ।

আকারহীন, হিংস্র, খল,

অনিশ্চিত ফেনিল জল

মিলিয়ে গেল অদৃষ্টের

মৌন ইশারাতে ;–

তোমায় আমি রেখে এলাম

ঈশ্বরের হাতে ।



তাকিয়ে-থাকা একটি দীপ

জ্বলছে ছোটো ঘরে,

একটি হাত এলিয়ে আছে

কম্পমান বুকের কাছে

ছিন্ন-স্মৃতি-শেলাই-করা

শীতল কাঁথার ‘পরে ।

মনে পড়ার ইন্দ্রজালে

ঝাপসা হল দ্বার,

আমার হাতে লাফিয়ে ওঠে

তীক্ষ্ণ তলোয়ার ।

সুদূর কালে হারিয়ে-যাওয়া

দেশান্তরী উঠল হাওয়া :–

ছেলেবেলার গন্ধ ভরা

অন্ধকার রাতে

আমার প্রেম রেখে এলাম

ঈশ্বরের হাতে ।



পালের ভাঁজে ভবিষ্যের

গর্ভ ওঠে ফুলে,

অনাগতের রুদ্ধ চাপে

পাটাতনের পাঁজর কাঁপে,

ত্রস্ত মাছের অস্থিরতায়

গলুই ওঠে দুলে ।

কঠিন হাতে নাবিক ধরে

আকাঙ্ক্ষার হাল,

কপট স্রোতে ভাসে আমার

মৃতদেহের ছাল ।

হৃদয়-তলে দাঁড়ের টানে

অমর নাম প্রলয় আনো

ঢেউয়ের আর দিগন্তের

মাতাল সংঘাতে ;—

আমার প্রাণ রেখে এলাম

ঈশ্বরের হাতে ।



উল্টোদিকে ছুটল আমার

আঁধার আরাধনা ;

অসীম নীল ঘুমের ‘পরে

যন্ত্রণায় জড়িয়ে ধরে

মুক্তিহীন জাগরণের

মূর্খ প্রতারণা ।

তবুও আছে একটি ঘর

কুঞ্জলতায় ঘেরা,

দাওয়ায় বসে জটলা করে

পূর্বপুরুষেরা ।

তাঁদের মৃদু কানাকানি

পড়ুক ঝরে সাবধানী

হাজার ভয়, সংশয়ের

অন্ধ অজানাতে,

আমি তোমায় রেখে এলাম

ঈশ্বরের হাতে ।



কবিতার নাম: সমর্পণ

কবি: বুদ্ধদেব বসু

কাব্যগ্রন্থ / প্রকাশিত: বাংলা আধুনিক কবিতা ১ (দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ও দীপক রায় সম্পাদিত)