একদিন জলসিড়ি নদীর ধারে - জীবনানন্দ দাশ

একদিন জলসিড়ি নদীটির পারে এই বাংলার মাঠে

বিশীর্ন বটের নীচে শুয়ে রব- পশমের মত লাল ফল

ঝরিবে বিজন ঘাসে-বাঁকা চাঁদ জেগে রবে- নদীটির জল

বাঙ্গালি মেয়ের মত বিশালাক্ষী মন্দিরের ধূসর কপাটে

আঘাত করিয়া যাবে ভয়ে ভয়ে-তারপর যেই ভাঙ্গা ঘাটে

রূপসীরা আজ আর আসে নাকো,পাট শুধু পচে অবিরল,

সেইখানে কলমির দামে বেধে প্রেতনীর মত কেবল

কাঁদিবে সে সারা রাত-দেখিব কখন কারা এসে আমকাঠে



সাজায়ে রেখেছে চিতাঃ বাংলার শ্রাবনের বিস্মিত আকাশ

চেয়ে রবে; ভিজে পেচা শান্ত স্নিগ্ধ চোখ মেলে কদমের বনে

শোনাবে লক্ষ্মীর গল্প-ভাসানের গান নদী শোনাবে নির্জনে;

চারিদিকে বাংলার ধানী শাড়ি-শাদা শাখা-বাংলার ঘাস

আকন্দ বাসকলতা ঘেরা এক নীল মঠ-আপনার মনে

ভাঙ্গিতেছে ধীরে ধীরে-চারিদিকে জীবনের এই সব আশ্চর্য উচ্ছ্বাস-