কোথাও চলিয়া যাবো একদিন - জীবনানন্দ দাশ

কোথাও চলিয়া যাব একদিন;-তারপর রাত্রির আকাশ

অসংখ্য নক্ষত্র নিয়ে ঘুরে যাবে কতকাল জানিব না আমি;

জানিব না কতকাল উঠানে ঝরিবে এই হলুদ বাদামী

পাতাগুলো-মাদারের ডুমুরের-সোঁদা গন্ধ-বাংলার শ্বাস

বুকে নিয়ে তাহাদের;-জানিব না পরথুপী মধুকূপী ঘাস

কত কাল প্রান-রে ছড়ায়ে রবে- কাঁঠাল শাখার থেকে নামি

পাখনা ডলিবে পেচাঁ এই ঘাসে-বাংলার সবুজ বালামী

ধানী শাল পশমিনা বুকে তার -শরতের রোদের বিলাস

কতো কাল নিঙড়াবে;-আচলে নাটোর কথা ভুলে গিয়ে বুঝি

কিশোরের মুখে চেয়ে কিশোরী করিবে তার মৃদু মাথা নিচু;

আসন্ন সন্ধ্যার কাক-করুণ কাকের দল খোড়া নীড় খুঁজি

উড়ে যাবে;-দুপুরে ঘাসের বুকে সিদুরের মতো রাঙা লিচু

মুখে গুজে পড়ে রবে-আমিও ঘাসের বুকে রবো মুখ গুজি;

মৃদু কাঁকনের শব্দ-গোরোচনা জিনি রং চিনিব না কিছু-