আজু সখি মুহু মুহু  - রবীন্দ্রনাথ ঠাকুর

আজু সখি , মুহু মুহু

গাহে পিক কুহু কুহু ,

কুঞ্জবনে দুঁহু দুঁহু

দোঁহার পানে চায় ।

যুবনমদবিলসিত

পুলকে হিয়া উলসিত ,

অবশ তনু অলসিত

মূরছি জনু যায় ।

আজু মধু চাঁদনী

প্রাণউনমাদনী ,

শিথিল সব বাঁধনী ,

শিথিল ভই লাজ ।

বচন মৃদু মরমর,

কাঁপে রিঝ থরথর ,

শিহরে তনু জরজর

কুসুমবনমাঝ ।

মলয় মৃদু কলয়িছে ,

চরণ নহি চলয়িছে ,

বচন মুহু খলয়িছে ,

অঞ্চল লুটায় ।

আধফুট শতদল

বায়ুভরে টলমল

আঁখি জনু ঢলঢল

চাহিতে নাহি চায় ।

অলকে ফুল কাঁপয়ি

কপোলে পড়ে ঝাঁপয়ি ,

মধু-অনলে তাপয়ি ,

খসয়ি পড়ু পায় ।

ঝরই শিরে ফুলদল ,

যমুনা বহে কলকল ,

হাসে শশি ঢলঢল —

ভানু মরি যায় ।