ও আমার গহিন গাঙের নায়া - জসীম উদ্‌দীন---রঙিলা নায়ের মাঝি 

ও আমার গহিন গাঙের নায়া,

ও তুমি অফর বেলায় লাও বায়া যাওরে-

কার পানে বা চায়া।

ভাটির দ্যাশের কাজল মায়ায়,

পরাণডা মোর কাইন্দা বেড়ায়রে-

আবছা মেঘে হাতছানি দ্যায়,

কে জানি মোর সয়া।



এই না গাঙের আগের বাঁকে

আমার বধূর দ্যাশ;

কলাবনের বাউরি বাতাস

দোলায় মাথার ক্যাশ;

কওই খবর তাহার লাইগা,

কাইন্দা মরে এক অভাইগারে;

ও তার ব্যথার দেয়া থাইকা থাইকা

ঝরে নয়ন বায়া।