আমার বন্ধু বিনোদিয়ারে - জসীম উদ্‌দীন---রঙিলা নায়ের মাঝি 

আমার বন্ধু বিনোদিয়ারে

প্রাণ বিনোদিয়া;

আমি আর কতকাল রইব আমার

মনেরে বুঝাইয়ারে;

প্রাণ বিনোদিয়া।

কি ছিলাম, কি হইলাম সইরে, কি রূপ হেরিয়া,

আমি নিজেই যাহা বুঝলাম না সই, কি কব বুঝাইয়ারে;

প্রাণ বিনোদিয়া।

চোখে তারে দেখলাম সইরে! পুড়ল তবু হিয়া,

আমার নয়নে লাগিলে আনল নিবাইতাম কাঁদিয়ারে;

প্রাণ বিনোদিয়া।

মরিব মরিব সইরে যাইব মরিয়া,

আমার সোনা বন্ধুর রূপ দিও গরলে গুলিয়ারে;

প্রাণ বিনোদিয়া।

আগে যদি জানতাম বন্ধু যাইবা ছাড়িয়া,

আমি ছাপাইয়া রাখতাম তোমার পাঁজর চিরিয়ারে;

প্রাণ বিনোদিয়া।