কে যাসরে রঙিলা মাঝি - জসীম উদ্‌দীন---পদ্মাপার 

কে যাসরে রঙিলা মাঝি! সামের আকাশরে দিয়া;

আমার বাজানরে বলিস খবর নাইওরের লাগিয়ারে।

অভাগিনীর বুকের নিশ্বাস পালে নাও ভরিয়া,

ছয়মাসের পন্থ যাইবা একদন্ডে উড়িয়া;

গলুইতে লিখিলাম লেখন সিন্তার সিন্দুর দিয়া,

আমার বাপের দেশে দিয়া আইস গিয়ারে।



পরবাসে পাঠাইল বাজান যারে সঁইপা দিয়া,

সে যে শিশিরের গয়না দিল দূর্বাশীষে নিয়া;

কুয়াশার শাড়ী দিল বাতাসে ভরিয়া

অঙ্গে না পরিতে তাহা গেল যে উড়িয়ারে।



সাগরের ফেনায় পতি বানল বাসর-ঘর,

দুস্কের দাগাতে তাহা দাপায় জনমভর;

অবলা ভাঁরাইল যে সে কাঞ্চা পিতল দিয়া,

এমন ঠকের ঘরে রহি কি করিয়ারে।



পরের ছেলের সঙ্গে বাজান আমায় দিল বিয়া,

জনমের মত গেল বনবাস দিয়া;

একদিনের তরে আইসা না গ্যাল দেখিয়া,

এবার জুড়াইব মনের দুস্কু সায়রে ডুবিয়ারে।