অসম্ভব নয়  - সুকুমার রায়

এক যে ছিল সাহেব, তাহার

গুণের মধ্যে নাকের বাহার।

তার যে গাধা বাহন, সেটা

যেমন পেটুক তেমনি ঢ্যাঁটা।

ডাইনে বল্‌লে যায় সে বামে

তিন পা যেতে দুবার থামে ।

চল্‌তে চল্‌তে থেকে থেকে

খানায় খন্দে পড়ে বেঁকে।

ব্যাপার দেখে এম্নিতরো

সাহেব বললে 'সবুর করো-

মাম্‌দোবাজি আমার কাছে?

এ রোগেরও ওষুধ আছে।'

এই না বলে ভীষন ক্ষেপে

গাধার পিঠে বস্‌ল চেপে

মুলোর ঝুটি ঝুলিয়ে নাকে

আর কি গাধা ঝিমিয়ে থাকে?

মুলোর গন্ধে টগবগিয়ে

দৌড়ে চলে লম্ফ দিয়ে -

যতই ছোটে 'ধরব' ব'লে

ততই মুলো এগিয়ে চলে !

খাবার লোভে উদাস প্রাণে

কেবল ছোটে মুলোর টানে -

ডাইনে বাঁয়ে মুলোর তালে

ফেরেন গাধা নাকের চালে।