কি মুস্কিল!  - সুকুমার রায়

সব লিখেছে এই কেতাবে দুনিয়ার সব খবর যত,

সরকারী সব অফিসখানার কোন্ সাহেবের কদর কত৷

কেমন ক'রে চাট্‌নি বানায়, কেমন ক'রে পোলাও করে,

হরেক্ রকম মুষ্টিযোগের বিধান লিখছে ফলাও ক'রে৷

সাবান কালি দাঁতের মাজন বানাবার সব কায়দা কেতা,

পূজা পার্বণ তিথির হিসাব শ্রাদ্ধবিধি লিখছে হেথা৷

সব লিখেছে, কেবল দেখ পাচ্ছিনেকো লেখা কোথায়—

পাগলা ষাঁড়ে কর্‌লে তাড়া কেমন ক'রে ঠেকাব তায়!