আমি বহু বাসনায় প্রাণপণে চাই  - রবীন্দ্রনাথ ঠাকুর

আমি বহু বাসনায় প্রাণপণে চাই,

বঞ্চিত করে বাঁচালে মোরে।

এ কৃপা কঠোর সঞ্চিত মোর

জীবন ভ'রে।

না চাহিতে মোরে যা করেছ দান

আকাশ আলোক তনু মন প্রাণ,

দিনে দিনে তুমি নিতেছ আমায়

সে মহাদানেরই যোগ্য করে

অতি-ইচ্ছার সংকট হতে

বাঁচায়ে মোরে।

আমি কখনো বা ভুলি, কখনো বা চলি

তোমার পথের লক্ষ্য ধরে-

তুমি নিষ্ঠুর সম্মুখ হতে

যাও যে সরে।

এ যে তব দয়া জানি হায়,

নিতে চাও ব'লে ফিরাও আমায়,

পূর্ণ করিয়া লবে এ জীবন

তব মিলনেরই যোগ্য করে

আধা- ইচ্ছার সংকট হতে

বাঁচায়ে মোরে।