ফসকে গেল  - সুকুমার রায়

দেখ বাবাজি দেখবি নাকি দেখরে খেলা দেখ চালাকি,

ভোজের বাজি ভেল্কি ফাঁকি পড়্ পড়্ পড়্ পড়বি পাখি - ধপ্!

লাফ দিয়ে তাই তালটি ঠুকে তাক করে যাই তীর ধনুকে,

ছাড়ব সটান উর্ধ্বমুখে হুশ করে তোর লাগবে বুকে - খপ্!

গুড়্ গুড়্ গুড়্ গুড়িয়ে হামা খাপ্ পেতেছেন গোষ্ঠ মামা

এগিয়ে আছেন বাগিয়ে ধামা এইবার বাণ চিড়িয়া নামা - চট্!

ঐ যা! গেল ফস্কে ফেঁসে - হেই মামা তুই ক্ষেপলি শেষে?

ঘ্যাচঁ করে তোর পাঁজর ঘেঁষে লাগ্‌ল কি বাণ ছটকে এসে- ফট্?