ভারি মজা  - সুকুমার রায়

এই নেয়েছ, ভাত খেয়েছ, ঘন্টাখানেক হবে-

আবার কেন হঠাৎ হেন নামলে এখন টবে?

একলা ঘরে ফুর্তি ভরে লুকিয়ে দুপুরবেলা,

স্নানের ছলে ঠান্ডা জলে জল ছপ্‌ছপ্ খেলা।

জল ছিটিয়ে, টব পিটিয়ে, ভাবছ, 'আমোদ ভারি-

কেউ কাছে নাই, যা খুশি তাই করতে এখন পারি।'

চুপ্ চুপ্ চুপ্- ঐ দুপ্ দুপ্! ঐ জেগেছে মাসি,

আসছে ধেয়ে, শুনতে পেয়ে দুষ্ট মেয়ের হাসি।