শব্দকল্পদ্রুম  - সুকুমার রায়

ঠাস্‌ ঠাস্‌ দ্রুম দ্রাম,শুনে লাগে খটকা--

ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পট্‌কা!

শাঁই শাঁই পন্‌ পন্‌, ভয়ে কান বন্ধ--

ওই বুঝি ছুটে যায় সে-ফুলের গন্ধ?

হুড়মুড় ধুপধাপ--ওকি শুনি ভাইরে!

দেখ্‌ছনা হিম পড়ে-- যেও নাকো বাইরে।

চুপ চুপ ঐ শোন্‌! ঝুপ ঝাপ্‌ ঝপা-স!

চাঁদ বুঝি ডুবে গেল? গব্‌ গব্‌ গবা-স!

খ্যাঁশ্‌ খ্যাঁশ্‌ ঘ্যাঁচ্‌ ঘ্যাঁচ্‌ , রাত কাটে ঐরে!

দুড়দাড় চুরমার--ঘুম ভাঙে কই রে!

ঘর্ঘর ভন্‌ ভন্‌ ঘোরে কত চিন্তা!

কত মন নাচ শোন্‌--ধেই ধেই ধিন্‌তা!

ঠুংঠাং ঢংঢং, কত ব্যথা বাজেরে--

ফট্‌ ফট্‌ বুক ফাটে তাই মাঝে মাঝে রে!

হৈ হৈ মার্ মার্ "বাপ্‌ বাপ্‌" চিৎকার--

মালকোঁচা মারে বুঝি? সরে পড়্ এইবার।