কাকাতুয়া - যোগীন্দ্রনাথ সরকার---সংকলিত (যোগীন্দ্রনাথ সরকার) 

কাকাতুয়া, কাকাতুয়া, আমার যাদুমণি,

সোনার ঘড়ি কি বলিছে, বল দেখি শুনি ?



বলিছে সোনার ঘড়ি, "টিক্ টিক্ টিক্,

যা কিছু করিতে আছে, করে ফেল ঠিক।

          সময় চলিয়া যায়-

          নদীর স্রোতের প্রায়,

যে জন না বুঝে, তারে ধিক্ শত ধিক।"

বলিছে সোনার ঘড়ি, "টিক্ টিক্ টিক্।"



কাকাতুয়া, কাকাতুয়া, আমার যাদুধন,

অন্য কোন কথা ঘড়ি বলে কি কখন ?



মাঝে মাঝে বল ঘড়ি, "টঙ্-টঙ্-টঙ্,

মানুষ হইয়ে যেন হয়ো না ক সঙ।

          ফিটফিটে বাবু হলে,

          ভেবেছ কি লবে কোলে ?

পলাশে কে ভালবাসে দেখে রাঙা রঙ্।"

মাঝে মাঝে বলে ঘড়ি, "টঙ্-টঙ্-টঙ্।"