কমলে কামিনী - মাইকেল মধুসূদন দত্ত---সংকলিত (মাইকেল মধুসূদন দত্ত) 

কমলে কামিনী আমি হেরিনু স্বপনে

কালিদহে। বসি বামা শতদল-দলে

(নিশীথে চন্দ্রিমা যথা সরসীর জলে

মনোহরা।) বাম করে সাপটি হেলনে

গজেশে, গ্রাসিছে তারে উগরি সঘনে 

গুঞ্জরিছে অলিপুঞ্জ অন্ধ পরিমলে,

বহিছে দহের বারি মৃদু কলকলে!---

কার না ভোলে রে মনঃ, এহেন ছলনে!

কবিতা-পঙ্কজ-রবি, শ্রীকবিকঙ্কণ,

ধন্য তুমি বঙ্গভূমে! যশঃ-সুধাদানে

অমর করিলা তোমা অমরকারিণী

বাগ্‌দেবী! ভোগিলা দুখ জীবনে, ব্রাহ্মণ,

এবে কে না পূজে তোমা, মজি তব গানে?---

বঙ্গ-হৃদ-হ্রদে চণ্ডী কমলে কামিনী॥