অন্নপূর্ণার ঝাঁপি - মাইকেল মধুসূদন দত্ত---সংকলিত (মাইকেল মধুসূদন দত্ত) 

মোহিনী-রূপসী-বেশে ঝাঁপি কাঁখে করি

পশিছেন, ভবানন্দ, দেখ তব ঘরে

অন্নদা! বহিছে শূন্যে সঙ্গীত-লহরী,

অদৃশ্যে অপ্সরাচয় নাচিছে অম্বরে।–

দেবীর প্রসাদে তোমা রাজপদে বরি,

রাজাসন, রাজছত্র, দিবেন সত্বরে

রাজলক্ষ্মী; ধন-স্রোতে তব ভাগ্যতরি

ভাসিবে অনেক দিন, জননীর বরে।

কিন্তু চিরস্থায়ী অর্থ নহে এ সংসারে;

চঞ্চলা ধনদা রমা, ধনও চঞ্চল;

তবু কি সংশয় তব, জিজ্ঞাসি তোমারে?

তব বংশ-যশঃ-ঝাঁপি–অন্নদামঙ্গল–

যতনে রাখিবে বঙ্গে মনের ভাণ্ডারে,

রাখে যথা সুধামৃতে চন্দ্রের মণ্ডলে।