তখন সত্যি মানুষ ছিলাম - আসাদ চৌধুরী---সংকলিত (আসাদ চৌধুরী) 

নদীর জলে আগুন ছিলো

আগুন ছিলো বৃষ্টিতে

আগুন ছিলো বীরাঙ্গনার

উদাস-করা দৃষ্টিতে।



আগুন ছিলো গানের সুরে

আগুন ছিলো কাব্যে,

মরার চোখে আগুন ছিলো

এ-কথা কে ভাববে?



কুকুর-বেড়াল থাবা হাঁকায়

ফোসে সাপের ফণা

শিং কৈ মাছ রুখে দাঁড়ায়

জ্বলে বালির কণা।



আগুন ছিলো মুক্তি সেনার

স্বপ্ন-ঢলের বন্যায়-

প্রতিবাদের প্রবল ঝড়ে

কাঁপছিলো সব-অন্যায়।



এখন এ-সব স্বপ্নকথা

দূরের শোনা গল্প,

তখন সত্যি মানুষ ছিলাম

এখন আছি অল্প।