প্রতীক্ষায় - সুনীল গঙ্গোপাধ্যায়---মন ভালো নেই 

গোলাপে রয়েছে আঁচ, পতঙ্গের ডানা পুড়ে যায়

হাওয়া ঘোরে দূরে-দূরে

ফুলকে সমীহ করে

সূর্যাস্তও থমকে থাকে!

দেখো-দেখো

আমার বাগানে এক অগ্নিময়

ফুল ফুটে আছে

তার সৌরভেও কত তাপ!

আর সব কুসুমের জীবন-চরিত তুচ্ছ করে

সে ঘাড় ঘুরিয়ে দেখে চতুর্দিক

বৈদুর্ষমণির মতো চোখ মেলে সে রয়েছে প্রতীক্ষায়

কার? কার?