রোগ, ওষুধপত্র ও চিকিৎসা সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি কি? বিস্তারিত বুঝিয়ে বলুন ।
রোগ সম্পর্কে পৃথিবীর বিভিন্ন দেশ, অঞ্চল ও ধর্মে নানা প্রকার অদ্ভুত ধারণা বিদ্যমান। অধিকাংশ লোক রোগকে একটি মুসীবত এবং আল্লাহ্র গযব মনে করে। আবার কোনো কোনো দেশে রোগকে জ্বিন, ভূত ও প্রেতাত্মার আছর বলা হয়। কোনো কোনো ধর্মীয় গোষ্ঠী রোগকে ঘৃণা করে এবং চিকিৎসার নামে তারা রোগীর সাথে খুবই অত্যাচার-অবিচার, নির্যাতন ও অসৌজন্যমূলক আচরণ করে । তবে এ ধরনের লোকের সংখ্যা নগণ্য হলেও এরূপ ধারণা আধুনিক যুগেও বিদ্যমান। কিন্তু এসব কোনো কিছুই ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ নয়। ইসলামে রোগ বা অসুস্থতা পাপাচারের ফলাফল বা আল্লাহ্র শাস্তিস্বরূপ নয় । ইসলামী দৃষ্টিভঙ্গিতে রোগ-ব্যাধি গুনাহের ক্ষতিপূরণ বা কাফ্ফারাস্বরূপ। এটি মঙ্গল ও সফলতার সোপান এবং সাফল্যের কষ্টিপাথর। রোগে ধৈর্যধারণ জান্নাত লাভের অসীলা। ইসলামে রোগীর মর্যাদা অপরিসীম। রোগীর দু'য়া ফেরেশতাদের দু'য়ার সমতুল্য। রোগকে গালমন্দ করা ইসলামে নিষেধ। পৃথিবীর সকল দেশের মুসলমানগণ রোগ সম্পর্কে এ ধারণাই পোষণ করেন।