হযরত আবূ মূসা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আগুন তোমাদের শত্রু। সুতরাং নিদ্রা যাবার পূর্বে ঘরের বাতি নিভিয়ে দিবে।" (সহীহ মুসলিম) ৩৫৯ অপরদিকে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একদা নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “ঘরে আগুন জ্বালিয়ে রেখে ঘুমাতে যাবেনা।" (সহীহ মুসলিম) ৩৬০
অধিকন্তু হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “বিছানায় যাবার সময় ঘরের বাতি নিভিয়ে ফেলো, দরজা বন্ধ করো এবং পানির পাত্রের মুখ বন্ধ করো।" (সহীহ আল বুখারী) ৩৬১
কতো সুন্দর ও যথাযথ উপদেশ। এ উপদেশটি আমরা অনেকেই জেনে বা না জেনেই মেনে চলছি যুগ যুগ ধরে। শুধু তাই নয়, নিরাপত্তার জন্য তিনি ঘুমাতে যাবার পূর্বে শয্যাটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে বা ঝেড়ে নিতে উপদেশ দিয়েছেন, যা সত্যি বিস্ময়কর।
হযরত আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ শয়ন করতে যাবে তখন সে যেনো শয্যাটি (বিছানা) ঝেড়ে
নেয়। কেননা সে জানেনা তার অবর্তমানে তাতে কোনো বিষাক্ত প্রাণী বা কীটপতঙ্গ লুকিয়ে রয়েছে কি না। ঝেড়ে ফেলার পর এ দু'য়া পড়বে।
“বিইস্মিকা রব্বি ওয়াদ্বাতু জামবি ওয়াবিকা আরফাউহু ইন আমসাকতা নাফ্সী ফাবহামহা ওয়াইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাফায়ু বিহিস্সলিহীন। "
“হে আমার প্রতিপালক! আপনারই নামে আমি (শয্যায়) দেহ এলিয়ে দিলাম এবং আপনারই সাহয্যে আবার তা উঠাবো । যদি আপনি (এর মধ্যে) আমার জান কবয করে নেন তবে আমার উপর রহমত বর্ষণ করুন। আর যদি তাকে থাকতে দেন তবে ঠিক সেভাবেই হিফাজত করুন, যেভাবে আপনি নেককারদের জানের হিফাজত করে থাকেন।” (সহীহ আল বুখারী) ৩৬২
উপরোক্ত হাদীসগুলো থেকে আমরা নিশ্চিতভাবে জানতে পারি যে ঘুমানোর আগে অবশ্যই বাতি নিভিয়ে ফেলা উচিত। বিশেষ করে তা যদি উন্মুক্ত কোনো দোয়াতের বাতি, মোমবাতি বা naked lamp জাতীয় বাতি হয়। বিছানা ঝেড়ে পরিষ্কার করে নেয়া উচিত। তাছাড়া কীট-পতঙ্গ উন্মুক্ত আগুনে বসে তা কাপড়-চোপড়ে লাগিয়ে দিতে পারে। টিকটিকি উন্মুক্ত আগুনের বাতি ফেলে দিয়ে কাপড়ে আগুন লাগাতে পারে। তাই নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসব নির্দেশনা পালন করা আমাদের সকলের নিরাপত্তার জন্যই জরুরি। এতে আমাদের সকলের কল্যাণ ও সার্বিক সফলতা নিহিত ।