নগর ধ্বংসের আগে - রফিক আজাদ---সংকলিত (রফিক আজাদ) 

নগর বিধ্বস্ত হ’লে, ভেঙ্গে গেলে শেষতম ঘড়ি

উলঙ্গ ও মৃতদের সুখে শুধু ঈর্ষা করা চলে।

‘জাহাজ, জাহাজ’ – ব’লে আর্তনাদ সকলেই করি -

তবুও জাহাজ কোনো ভাসবে না এই পচা জলে।



সমুদ্র অনেক দূর, নগরের ধারে-কাছে নেই :

চারপাশে অগভীর অস্বচ্ছ মলিন জলরাশি।

রক্ত-পুঁজে মাখামাখি আমাদের ভালবাসাবাসি;

এখন পাবো না আর সুস্থতার আকাঙ্খার খেই।



যেখানে রয়েছো স্থির – মূল্যবান আসবাব, বাড়ি;

কিছুতে প্রশান্তি তুমি এ-জীবনে কখনো পাবে না।

শব্দহীন চ’লে যাবে জীবনের দরকারী গাড়ি -

কেননা, ধ্বংসের আগে সাইরেন কেউ বাজাবে না।



প্রোথিত বৃক্ষের মতো বদ্ধমূল আমার প্রতিভা -

সাধ ছিল বেঁচে থেকে দেখে যাবো জিরাফের গ্রীবা।