মন এবং সুখ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়---গদ্য পদ্য ও কবিতাপুস্তক 





এই মধুমাসে,     মধুর বাতাসে,

শোন লো মধুর বাঁশী।

এই মধু বনে,     শ্রীমধুসূদনে,

দেখ  লো সকলে আসি ||

মধুর সে গায়,    মধুর বাজায়,

মধুর মধুর ভাষে।

মধুর আদরে,    মধুর অধরে,

মধুর মধুর হাসে ||

মধুর শ্যামল,    বদন কমল,

মধুর চাহনি তায়। ।

কনক নূপুর,      মধুকর যেন,

মধুর বাজিছে পায় ||

মধুর ইঙ্গিতে,    আমার সঙ্গেতে,

কহিল মধুর বাণী।

সে অবধি চিতে,  মাধুরি হেরিতে,

ধৈরয নাহিক মানি ||

এ সুখ রঙ্গেতে    পর লো অঙ্গেতে

মধুর চিকণ বাস।

তুমি মধুফল,     পর কানে দুল,

পরাও মনের আশ ||

গাঁথি মধুমালা,    পর গোপবালা

হাস লো মধুর হাসি।

চল যথা বাজে,   যমুনার কূলে,

শ্যামের মোহন বাঁশী ||







চল কথা বাজে,       যমুনার কূলে

ধীরে ধীরে ধীরে বাঁশী।

ধীরে ধীরে যথা,   উঠিছে চাঁদনি,

স্থল জল পরকাশি ||

ধীরে ধীরে রাই,   চল ধীরে যাই,

ধীরে ধীরে ফেল পদ।

ধীরে ধীরে শুন,   নাদিছে যমুনা,

কল কল গদ গদ ||

ধীরে ধীরে জলে,   রাজহংস চলে,

ধীরে ধীরে ভাসে ফুল।

ধীরে ধীরে বায়ু,    বহিছে কাননে

দোলায়ে আমার দুল ||

ধীরে যাবি তথা,    ধীরে কবি কথা

রাখিবি দোহার মান।

ধীরে ধীরে তার     বাঁশীটি কাড়িবি,

ধীরেতে পূরিবি তান ||

ধীরে শ্যাম নাম,      বাঁশীতে বলিবি,

শুনিবে কেমন বাজে।

ধীরে ধীরে চূড়া       কাড়িয়ে পরিবি,

দেখিব কেমন সাজে ||

ধীরে বনমালা,         গলাতে দোলাবি,

দেখিব কেমন দোলে।

ধীরে ধীরে তার,          মন করি চুরি,

লইয়া আসিবি চলে ||







শুন মোর মন             মধুরে মধুরে,

জীবন করহ সায়।

ধীরে ধীরে ধীরে,          সরল সুপথে,

নিজ গতি রেখ তায় ||

এ সংসার ব্রজ,            কৃষ্ণ তাহে সুখ,

মন তুমি ব্রজনারী।

নিতি নিতি তার,          বংশীরব শুনি,

হতে চাও অভিসারী ||

যাও যাবে মন,            কিন্তু দেখ যেন,

একাকী যেও না রঙ্গে।

মাধুর্য্য ধৈরয,             সহচরী দুই,

রেখ আপনার সঙ্গে ||

ধীরে ধীরে ধীরে,          কাল নদীতীরে,

ধরম কদম্ব তলে।

মধুর সুন্দর,              সুখ নটবর,

ভজ মন কুতূহলে ||