গানের পারে  - রবীন্দ্রনাথ ঠাকুর

দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ও পারে।

আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে।

বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তরী,

এসো এসো পার হয়ে মোর হৃদয়-মাঝারে।।

তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে -

বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে।

কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি

আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে?।



শান্তিনিকেতন

২৮ ফাল্গুন ১৩২০





(কাব্যগ্রন্থঃ সঞ্চয়িতা)