সম্প্রদান - হেলাল হাফিজ---যে জলে আগুন জ্বলে 

ভাদ্রের বর্ধিত আষাঢ়ে সখ্য হয়েছিলো।

সে প্রথম, সে আমার শেষ।



পথে ও প্রান্তরে, ঘরে,

দিতে রাতে, মাসে ও বছরে

সমস্ত সাম্রাজ্য জুড়ে

সে আষাঢ় অতোটা ভেজাবে আমি ভাবিনি কসম।



আমার সকল শ্রমে, মেধা ও মননে

নিদারুণ নম্র খননে

কী নিপুণ ক্ষত দেখো বানিয়েছে চতুর আষাঢ়।



একদিন

সব কিছু

ছিলো তোর

ডাক নামে,

পোড়ামুখী

তবু তোর

ভরলো না মন,—

এই নে হারামজাদী একটা জীবন।



৭.১২.৮০