কবিতার নাম: রবীন্দ্রনাথ কবি: বুদ্ধদেব বসু

ছিলো না বনের মৃগ, ঘাস, ফুল মেঘের গহ্বরে

রঙিন আলোর খেলা । এমনকি, বালক ছিলে না ।

তীক্ষ্ণ চোখ ঘিরে ছিলো সারাদিন । হাতের খেলেনা

ভারি হ’য়ে প’ড়ে গেছে হাত থেকে । তবু ছিলে অবসরে ভ’রে ।



তুমিও পাওনি দেখা নাপোলিতে নীলনয়নার ।

চিঠির উত্তর নেই । দেহ ছিলো, আমাদেরই মতো ।

হয়তো ঘামাচি, মশা । প্রতিকূল বাতাসে প্রহত

ভূলুন্ঠিত ঘুড়ির আঁধার ঘন্টা । তবু ছিলে প্রতিযোগিতার



পরপারে, বিশ্রামে শুভ্রতাময়, যেন তুমি কখনো করোনি

চেষ্টা, কিংবা যেন কলস গিয়েছে ভেসে, তুমি শুধু জল ।

যা পেয়েছি দু-দণ্ড তোমার কাছে, নিঃশব্দে, কেবল



সন্ধ্যার নিবিড়তায় ব’সে থেকে, আজ তাকে নির্ঘুম  যামিনী

জ্বেলে দেয় কূট গ্রন্থে, ভাবনার পাণ্ডুর অনলে,

বাক্, অর্থ, সম্পর্কের হিংসুক দাঙ্গা শেষ হ’লে ।