রাত তিনটের সনেট - ১ কবি: বুদ্ধদেব বসু

শুধু তা-ই পবিত্র, যা ব্যক্তিগত । গভীর সন্ধ্যায়

নরম, আচ্ছন্ন আলো ; হলদে-ম্লান বইয়ের পাতার

লুকোনো নক্ষত্র ঘিরে আকাশের মতো অন্ধকার ;

অথবা অত্বর চিঠি, মধ্যরাতে লাজুক তন্দ্রায়

দূরের বন্ধুকে লেখা ।  যীশু কি পরোপকারী

ছিলেন, তোমরা ভাবো  না কি বুদ্ধ কোনো সমিতির

মাননীয়,  বাচাল,  পরিশ্রমী,  অশীতির

মোহগ্রস্ত সভাপতি ? উদ্ধারের স্বত্বাধিকারী



ব্যতিব্যস্ত পাণ্ডাদের জগঝম্প, চামর, পাহারা

এড়িয়ে আছেন তাঁরা উদাসীন, শান্ত ছন্নছাড়া ।

তাই বলি, জগতেরে ছেড়ে দাও, যাক সে যেখানে যাবে ;



হও ক্ষীণ, অলক্ষ্য, দুর্গম আর পুলকে বধির ।

যে-সব খবর নিয়ে সেবকেরা উত্সাহে অধীর,

আঁধ ঘন্টা নারীর আলস্যে তার ঢের বেশি পাবে ।