ঈদ মোবারক  - কাজী নজরুল ইসলাম

শত যোজনের কত মরুভূমি পারায়ে গো,

কত বালুচরে কত আঁখি-ধারা ঝরায়ে গো,

বরষের পরে আসিলে ঈদ!

ভুখারীর দ্বারে সওগাত ব'ইয়ে রিজওয়ানের,

কন্টক-বনে আশ্বাস এনে গুল- বাগের,

সাকীরে "জা'মের দিলে তাগিদ!



খুশীর পাপিয়া পিউ পিউ গাহে দিগ্বিদিক

বধূ জাগে আজ নিশীথ-বাসরে নির্নিমিখ!

কোথা ফুলদানী, কাঁদিছে ফুল,

সুদূর প্রবাসে ঘুম নাহি আসে কার সখার,

মনে পড়ে শুধু সোঁদা-সোঁদা বাস এলো খোঁপার,

আকুল কবরী উলঝলুল!



ওগো কাল সাঁঝে দ্বিতীয়া চাঁদের ইশারা কোন

মুজদা এনেছে, সুখে ডগমগ মুকুলী মন!

আশাবরী- সুরে ঝুরে সানাই।

আতর-সুবাসে কাতর হ'ল গো পাথর-দিল,

দিলে দিলে আজ বন্ধকী দেনা-নাই দলিল,

কবুলিয়তের নাই বালাই।।



আজিকে এজিদে হাসেনে হোসেনে গলাগলি,

দোযখে বেহেশতে সুল ও আগুনে ঢলাঢলি,

শিরী ফরহাদে জড়াহড়ি!

সাপিনীর মত বেঁধেছে লায়লী কায়েসে গো,

বাহুর বন্ধে চোখ বুঁজে বঁধু আয়েসে গো,

গালে গালে চুমু গরাগড়ি।।



দাউ- দাউ জ্বলে আজি স্ফূর্তির জাহান্নাম,

শয়তান আজ বেহেশতে বিলায় শরাব-জাম,

দুশম্ন দস্ত এক-জামাত!

আজি আরফাত-ময়দান পাতা গাঁয়ে- গাঁয়ে,

কোলাকুলি করে বাদশা ফকীরে ভায়ে-ভায়ে,

কা'বা ধ'রে নাচে 'লাত-মানাত'।।



আজি ইসলামী ডঙ্কা গরজে ভরি' জাহান,

নাই বড় ছোট-সকল মানুষ এক সমান,

রাজা প্রজা নয় কারো কেহ।

কে আমীর তুমি নওয়াব বাদশা বালাখানায়?

সকল কালের কলঙ্ক তুমি; জাগালে হায়

ইসলামে তুমি সন্দেহ।।



ইসলাম বলে, সকলের তরে মোরা সবাই,

সুখ-দুখ সম-ভাগ করে নেব সকলে ভাই,

নাই অধিকার সঞ্চয়ের!

কারো আঁখি-জলে কারো ঝাড়ে কি রে জ্বলিবে দীপ?

দু'জনার হবে বুলন্দ-নসীব, লাখে লাঝে হবে বদ-নসীব?

এ নহে বিধান ইসলামের।।



ঈদ-অল-ফিতর আনিয়াছে তাই নববিধান,

ওগো সঞ্চয়ী, উদ্বৃত্ত যা করিবে দান,

ক্ষুধার অন্ন হোক তোমার!

ভোগের পেয়ালা উপচায়ে পড়ে তব হাতে,

তৃষ্ণাতুরের হিসসা আছে ও-পেয়ালাতে,

দিয়া ভোগ কর, বীর দেদার।।



বুক খালি ক'রে আপনারে আজ দাও জাকাত,

করো না হিসাবী, আজি হিসাবের অঙ্কপাত!

একদিন করো ভুল হিসাব।

দিলে দিলে আজ খুন্সুড়ি করে দিললগী,

আজিকে ছায়েলা-লায়েলা-চুমায় লাল যোগী!

জামশেদ বেঁচে চায় শরাব।।



পথে পথে আজ হাঁকিব, বন্ধু, ঈদ মোবারক! আসসালাম!

ঠোঁটে ঠোঁটে আজ বিলাব শিরনী ফুল-কালাম!

বিলিয়ে দেওয়ার আজিকে ঈদ!

আমার দানের অনুরাগে-রাঙা 'ঈদগা'রে!

সকলের হাতে দিয়ে দিয়ে আজ আপনারে-

দেহ নয়, দিল হবে শহীদ।।