ওই ঘর ভুলানো সুরে  - কাজী নজরুল ইসলাম

ওই ঘর ভুলানো সুরে

কে গান গেয়ে যায় দূরে

তার সুরের সাথে সাথে

মোর মন যেতে চায় উড়ে।



তার সহজ গলার তানে

সে ফুল ফোটাতে জানে

তার সুরে ভাটির টানে

নব জোয়ার আসে ঘুরে।



তার সুরের অনুরাগে

বুকে প্রণয়-বেদন জাগে

বনে ফুলের আগুন লাগে

ফুল সুধায় ওঠে পুরে।



বুঝি সুর সোহাগে ওরই

পায় যৌবন কিশোরী

হিয়া বুঁদ হয়ে গো নেশায়

তার পায়ে পায়ে ঘুরে।।