গানের আড়াল  - কাজী নজরুল ইসলাম

তোমার কন্ঠে রাখিয়া এসেছি মোর কন্ঠের গান --

এইটুকু শুধু রবে পরিচয় ? আর সব অবসান ?

অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায়ে রয়,

গানের আড়ালে পাও নাই তার কোনদিন পরিচয় ?

হয়তো কেবলি গাহিয়াছি গান, হয়ত কহিনি কথা,

গানের বানী সে শুধু কি বিলাস, মিছে তার আকুলতা ?

হৃদয়ে কখন জাগিল জোয়ার, তাহারি প্রতিধ্বনি

কন্ঠের তটে উঠেছে আমার অহরহ রণরণি' --

উপকূলে ব'সে শুনেছ সে সুর, বোঝ নাই তার মানে ?

বেঁধেনি হৃদয়ে সে সুর, দুলেছে দু'ল হয়ে শুধু কানে ?



হায় ভেবে নাহি পাই --

যে - চাঁদ জাগালো সাগরে জোয়ার, সেই চাঁদই শোনে নাই ।

সাগরের সেই ফুলে ফুলে কাদা কূলে কূলে নিশিদিন ?

সুরেরে আড়ালে মূর্চ্ছনা কাঁদে, শোনে নাই তাহা বীণ ?

আমার গানের মালার সুবাস ছুঁল না হৃদয়ে আসি' ?

আমার বুকের বাণী হল শুধু তব কন্ঠের ফাঁসি?



বন্ধু গো যেয়ো ভুলে --

প্রভাতে যে হবে বাসি, সন্ধায় রেখো না সে ফুল তুলে !

উপবনে তব ফোটে যে গোলাপ -- প্রভাতেই তুমি জাগি'

জানি, তার কাছে যাও শুধু তার গন্ধ-সুষমা লাগি' ।

যে কাঁটা লতায় ফুটেছে সে-ফুল রক্তে ফাটিয়া পড়ি'

সারা জনমের ক্রন্দন যার ফুটিয়াছে শাখা ভরি'

দেখ নাই তারে ! -- মিলন মালার ফুল চাহিয়াছ তুমি,

তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি !



ভোল মোর গান, কি হবে লইয়া এইটুকু পরিচয়,

আমি শুধু তব কন্ঠের হার, হৃদয়ে কেহ নয় !

জানায়ো আমারে যদি আসে দিন, এইটুকু শুধু যাচি--

কন্ঠ পারায়ে হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি !