চুড়ির তালে নুড়ির মালা  - কাজী নজরুল ইসলাম

চুড়ির তালে নুড়ির মালা রিনি ঝিনি বাজে লো

খোঁপায় দোলে বুনো ফুলের কুঁড়ি

কালো ছোঁড়ার কাঁকাল ধরে নাচে মাতাল ছুঁড়ি লো

খোঁপায় দোলে বুনো ফুলের কুঁড়ি।



মহুয়া মদের নেশা পিয়ে, বুঁদ হয়েছে বৌয়ে-ঝিয়ে

চাঁদ ছুটছে মনকে নিয়ে যেন ডুরি ছেঁড়া ঘুড়ি লো।



বাজে নুপূর পাঁইজোড়, সারা গায়ে নাচের ঘোর

ওলো লেগেছে মন হল নেশায় বিভোর

ওই আকাশে চাঁদ হের মেঘের সাথে যেন করে খুন্‌সুড়ি লো।।