ঝিঙে ফুল  - কাজী নজরুল ইসলাম

ঝিঙে ফুল! ঝিঙে ফুল!

সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে-কুল-

ঝিঙে ফুল।



গুল্মে পর্ণ

লতিকার কর্ণে

ঢল ঢল স্বর্ণে

ঝলমল দোলে দুল-

ঝিঙে ফুল।



পাতার দেশের পাখী বাঁধা হিয়া বোঁটাতে,

গান তব শুনি সাঁঝে তব ফুটে ওঠাতে।

পউষের বেলা শেষ

পরি' জাফরানি বেশ

মরা মাচানের দেশ

ক'রে তোল মশগুল-

ঝিঙে ফুল।



শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকু রে

আলুথালু ঘুমু যাও রোদে-গলা দুকুরে।



প্রজাপতি ডেকে যায়-

'বোঁটা ছিঁড়ে চ'লে আয়।'

আসমানের তারা চায়-

'চ'লে আয় এ অকূল!'

ঝিঙে ফুল।।



তুমি বল-'আমি হায়

ভালোবাসি মাটি-মায়,

চাই না ও অলকায়-

ভালো এই পথ-ভুল।'

ঝিঙে ফুল।।