অন্য প্রেমিককে - জীবনানন্দ দাশ

মাছরাঙা চ’লে গেছে — আজ নয় কবেকার কথা;

তারপর বারবার ফিরে এসে দৃশ্যে উজ্জল।

দিতে চেয়ে মানুষের অবহেলা উপেক্ষায় হ’য়ে গেছে ক্ষয়;

বেদনা পেয়েছে তবু মানুষের নিজেরও হৃদয়

প্রকৃতির অনির্বচনীয় সব চিহ্ন থেকে দু’ চোখ ফিরিয়ে;

বুদ্ধি আর লালসার সাধনাকে সব চেয়ে বড় ভেবে নিয়ে।



মাছরাঙা চ’লে গেছে — আজ নয় কবেকার কথা;

তারপর বারবার ফিরে এসে ডানাপালকের উজ্জলতা

ক্ষয় ক’রে তারপর হয়ে গেছে ক্ষয়।

মাছরাঙা মানুষের মতো সূর্য নয়?

কাজ করে কথা ব’লে চিন্তা করে চলেছে মানব;

যদিও সে শ্রেষ্ঠ চিন্তা সারাদিন চিন্তানাশা সাগরের জলে

ডুবে গিয়ে নিঃশব্দতা ছাড়া আর অন্য কিছু বলে?