অশ্বত্থ বটের পথে - জীবনানন্দ দাশ

অশ্বত্থ বটের পথে অনেক হয়েছি আমি তোমাদের সাথী;

ছড়ায়েছি খই ধান বহুদিন উঠানের শালিখের তরে;

সন্ধ্যায় পুকুর থেকে হাঁসটিরে নিয়ে আমি তোমাদের ঘরে

গিয়েছি অনেক দিন, — দেখিয়াছি ধূপ জ্বালো, ধরো সন্ধ্যাবাতি

থোড়ের মতন শাদা ভিজে হাতে, — এখুনি আসিবে কিনা রাতি

বিনুনি বেঁধেছ তাই — কাঁচপোকাটিপ তুমি কপারে পরে

পড়িয়াছ… তারপর ঘুমায়েছ: কল্কাপাড় আঁচলটি ঝরে

পানের বাটার পরে; নোনার মতন নম্র শরীরটি পাতি



নির্জন পালঙ্কে তুমি ঘুমায়েছ, — বউকথাকওটির ছানা

নীল জামরুল নীড়ে — জ্যোৎস্নায় — ঘুমায়ে রয়েছে যেন, হায়,

আর রাত্রি মাতা পাখিটির মতো ছড়ায়ে রয়েছে তার ডানা।

আজ আমি ক্লান্ত চোখে ব্যবহৃত জীবনের ধুলোয় কাঁটায়

চলে গেছে বহু দূরে; — দেখোনিকে, বোঝানিকো, করনিকো মানা

রূপসী শঙ্খের কৌটা তুমি যে গো প্রাণহীন — পানের বাটায়।