আজ - জীবনানন্দ দাশ

অন্ধ সাগরের বেগে উৎসারিত রাত্রির মতন

আলোড়ন মানুষের প্রিয়তর দিক নির্ণয়ের

পথ আজ প্রতিহত; তবুও কোথাও

নির্মল সন্ততি দেশ সময়ের নব নব তীর-

পেতে পায়ে হয়তো বা মানব হৃদয়;



মহাপতনের দিনে আজ অবহিত হয়ে নিতে হয়।

যদিও অধীর লক্ষ্যে অন্ধকারে মানুষ চলেছে

ধ্বংস আশা বেদনায়



বন্য মরালের মত চেতনায় নীল কুয়াশায়,-

কুহেলি সরিয়ে তবু মানুষের কাহিনীর পথে

ভাস্বরতা এসে পড়ে মাঝে মাঝে-

স্বচ্ছ ক্রান্তিবলয়ের মতন জগতে।



মনে হয় মহানিশীথের স্তন্যপায়ী

মানুষ তবুও শিশুসূর্যের সন্তান,

স্থিরতর বিষয়ী সে,-

যদিও হৃদয়ে রক্তে আজো ভুল অকূলের গান।




কাব্যগ্রন্থ - আলোপৃথিবী