আজ তারা কই সব - জীবনানন্দ দাশ

আজ তারা কই সব? ওখানে হিজল গাছ ছিল এক — পুকুরের জলে

বহুদিন মুখ দেখে গেছে তার; তারপর কি যে তার মনে হল কবে

কখন সে ঝরে গেল, কখন ফুরাল, আহা, — চলে গেল কবে যে নীরবে,

তাও আর জানি নাকো; ঠোট ভাঙা দাঁড়কাক ঐ বেলগাছটির তলে

রোজ ভোরে দেখা দিত — অন্য সব কাক আর শালিখের হৃষ্ট কোলাহলে

তারে আর দেখি নাকো — কতদিন দেখি নাই; সে আমার ছেলেবেলা হবে,

জানালার কাছে এক বোলতার চাক ছিল — হৃদয়ের গভীর উৎসবে

খেলা করে গেছে তারা কত দিন — ফড়িঙ কীটের দিন যত দিন চলে



তাহারা নিকটে ছিলো — রোদের আনন্দে মেতে — অন্ধকারে শান্ত ঘুম খুঁজে

বহুদিন কাছে ছিলো; — অনেক কুকুর আজ পথে ঘাটে নড়াচড়া করে

তবুও আঁধারে ঢের মৃত কুকুরের মুখ — মৃত বিড়ালের ছায়া ভাসে;

কোথায় গিয়েছে তারা? ওই দূর আকাশেল নীল লাল তারার ভিতরে

অথবা মাটির বুকে মাটি হয়ে আছে শুধু — ঘাস হয়ে আছে শুধু ঘাসে?

শুধালাম — উত্তর দিল না কেউ উদাসীন অসীম আকাশে।