আমাদের রূঢ় কথা শুনে - জীবনানন্দ দাশ

আমাদের রূঢ় কথা শুনে তুমি সরে যাও আরো দূরে বুঝি নীলাকাশ;

তোমার অনন্ত নীল সোনালি ভোমরা নিয়ে কোনো দূর শান্তির ভিতরে

ডুবে যাবে? কত কাল কেটে গেল, তবু তার কুয়াশার পর্দা না সরে

পিরামিড্‌ বেবিলন শেষ হল — ঝরে গেল কতবার প্রান্তরের ঘাস;

তবুও লুকায়ে আছে যেই রূপ নক্ষত্রে তা কোনোদিন হল না প্রকাশ:

যেই স্বপ্ন যেই সত্য নিয়ে আজ আমরা চলিয়া যাই ঘরে,

কোনো এক অন্ধকারে হয়তো তা আকাশের যাযাবর মরালের স্বরে

নতুন স্পন্দন পায় নতুন আগ্রহে গন্ধে ভরে ওঠে পৃথিবীর শ্বাস;



তখন আমরা ওই নক্ষত্রের দিকে চাই — মনে হয় সব অস্পষ্টতা

ধীরে ধীরে ঝরিতেছে, — যেই রূপ কোনোদিন দেখি নাই পৃথিবীর পথে,

যেই শানি — মৃত জননীর মতো চেয়ে থাকে — কয় নাকো কথা,

যেই স্বপ্ন বার বার নষ্ট হয় আমাদের এই সত্য রক্তের জগতে,

আজ যাহা ক্লান্ত ক্ষীণ আজ যাহা নগ্ন চূর্ণ — অন্ধ মৃত হিম,

একদিন নক্ষত্রের দেশে তারা হয়ে রবে গোলাপের মতন রক্তিম।