আলোক পত্র - জীবনানন্দ দাশ

হে নদী আকাশ মেঘ পাহাড় বনানী,

সৃজনের অন্ধকার অনির্দেশ উৎসের মতন

আজ এই পৃথিবীতে মানুষের মন

মনে হয়; অধঃপতিত এক প্রাণী।





প্রেম তার সব চেয়ে ছায়া, নিরাধার

নিঃস্বতায়- অকৃত্রিম আগুনের মত

নিজেকে না চিনে আজ রক্তে পরিণত

হে আগুন, কবে পাব জ্যোতিঃদীপাধার।





মানুষের জ্ঞানালোক সীমাহীন শক্তি পরিধির

ভিতরে নিঃসীম;

ক্ষমতার লালসায় অহেতুক বস্তুপুঞ্জে হুম;

সূর্য নয়- তারা নয়- ধোঁইয়ার শরীর।





এ অঙ্গার অগ্নি হোক, এই অগ্নি ধ্যানালোক হোক;

জ্ঞান হোক প্রেম,- প্রেম শোকাবহ জ্ঞান

হৃদয়ে ধারণ ক’রে সমাজের প্রাণ

অধিক উজ্জ্বল অর্থে করে নিক অশোক আলোক।





কাব্যগ্রন্থ - আলোপৃথিবী