এই কি সিন্ধুর হাওয়া - জীবনানন্দ দাশ

এই কি সিন্ধুর হাওয়া? রোদ আলো বনানীর বুকের বাতাস

কোথায় গভীর থেকে আসে!

অগণন পাখী উড়ে চ'লে গেলে তবু নীলাকাশ

কথা বলে নিজের বাতাসে।



রাঙা মেঘ- আদি সূর্য- স্বাভাবিক সামাজিক ব্যবহার সব

ফুরিয়ে গিয়েছে কত দূরে।

সে অনেক মানবীয় কাল ভেঙে এখন বিপ্লব

নতুন মানব-উৎস কোথাও রয়েছে এই সুরে।



যাযাবর ইতিহাসসহ পথ চিনে নিতে চায়।

অনেক ফ্যাক্টরি ফোর্ট ব্যাঙ্কারেরো আত্নস্থ মনের

অমার ভিতরে অমা রজনীর ভূকম্পনে কথা বলে যায়ঃ

আলো নেই, তবু তার অভিগমনের।