এই শতাব্দী-সন্ধীতে মৃত্যু - জীবনানন্দ দাশ

(অগণন সাধারণের)



সে এক বিচ্ছিন্ন দিনে আমাদের জন্ম হয়েছিলো

ততোধিক অসুস্থ সময়ে

আমাদের মৃত্যু হয়ে যায়।

দূরে কাছ শাদা উঁচু দেয়ালের ছায়া দেখে ভয়ে

মনে করে গেছি তাকে- ভালোভাবে মনে ক'রে নিলে-

এইখানে জ্ঞান হতে বেদনার সুরু-

অথবা জ্ঞানের থেকে ছুটি নিয়ে সান্ত্বনার হিম হ্রদে একাকী লুকালে

নির্জন স্ফটিকস্তম্ভ খুলে ফেলে মানুষের অভিভূত ঊরু

ভেঙে যাবে কোনো এক রম্য যোদ্ধা এসে।

নরকেও মৃত্যু নেই- প্রীতি নেই স্বর্গের ভিতরে;

মর্ত্যে সেই স্বর্গ নরকের প্রতি সৎ অবিশ্বাস

নিস্তেজ প্রতীতি নিয়ে মনীষীরা প্রচারিত করে।