এখানে ঘুঘুর ডাকে অপরাহ্নে - জীবনানন্দ দাশ

এখানে ঘুঘুর ডাকে অপরাহ্নে শান্তি আসে মানুষের মনে;

এখানে সবুজ শাখা আঁকাবাঁকা হলুদ পাখিরে রাখে ঢেকে;

জামের আড়ালে সেই বউকথাকওটিরে যদি ফেল দেখে

একবার — একবার দু’পহর অপরাহ্নে যদি এই ঘুঘুর গুঞ্জনে

ধরা দাও — তাহলে অনন্তকাল থাকিতে যে হবে এই বনে;

মৌরির গন্ধমাখা ঘাসের শরীরে ক্লান্ত দেহটিরে রেখে

আশ্বিনের ক্ষেতঝরা কচি কচি শ্যামা পোকাদের কাছে ডেকে

রব আমি চকোরীর সাথে যেন চকোরের মতন মিলনে;



উঠানে কে রূপবতী খেলা করে — ছাড়ায়ে দিতেছে বুঝি ধান

শালিখের; ঘাস থেকে ঘাসে ঘাসে খুঁটে খুঁটে খেতেছে সে তাই;

হলুদ নরম পায়ে খয়েরি শালিখগুলো ডরিছে উঠান;

চেয়ে দ্যাখো সুন্দরীরে : গোরোচনা রূপ নিয়ে এসেছে কি রাই!

নীলনদে — গাঢ় রৌদ্রে — কবে আমি দেখিয়াছি — করেছিল স্নান