কতদিন তুমি আর আমি এসে এইখানে বসিয়াছি - জীবনানন্দ দাশ

কতদিন তুমি আর আমি এসে এইখানে বসিয়াছি ঘরের ভিতর

খড়ের চালের নিচে, অন্ধকারে; — সন্ধ্যার ধূসর সজল

মৃদু হাত খেলিতেছে হিজল জামের ডালে — বাদুড় কেবল

করিতেছে আসা-যাওয়া আকাশের মৃদু পথে — ছিন্ন ভিজে খড়

বুকে নিয়ে সনকার মতো যেন পড়ে আছে নরম প্রান্তর;

বাঁকা চাঁদ চেয়ে আছে — কুয়াশায় গা ভাসায়ে দেয় অবিরল

নিঃশব্দ গুবরে পোকা — সাপমাসী — ধানী শ্যামাপোকাদের দল;

দিকে দিকে চালধোয়া গন্ধ মৃদু — ধূসর শাড়ির ক্ষীণ স্বর



শোনা যায় — মানুষের হৃদয়ের পুরোনো নীরব

বেদনার গন্ধ ভাসে — খড়ের চালের নিচে তুমি আর আমি

কতদিন মলিন আলোয় বসে দেখেছি বুঝেছি এই সব;

সময়ের হাত থেকে ছুটি পেয়ে স্বপনের গোধূলিতে নামি

খড়ের চালের নিচে মুখোমুখি বসে থেকে তুমি আর আমি

ধূসর আলোয় বসে কতদিন দেখেছি বুঝেছি এইসব।







কাব্যগ্রন্থ - রুপসী বাংলা