গোলপাতা ছাউনির বুক চুমে - জীবনানন্দ দাশ

গোলপাতা ছাউনির বুক চুমে নীল ধোঁয়া সকালে সন্ধ্যায়

উড়ে যায়- মিশে যায় আমবনে কার্তিকের কুয়াশার সাথে;

পুকুরের লাল সর ক্ষীণ ঢেউয়ে বার-বার চায় সে জড়াতে

করবীর কচি ডাল; চুমো খেতে চায় মাছরাঙাটির পায়;

এক-একটি ইট ধ্বসে-ডুবজলে ডুব দিয়ে কোথায় হারায়

ভাঙা ঘাটলায় এই-আজ আর কেউ এসে চাল-ধোয়া হাতে

বিনুনি খসায় নাকো-শুকনো পাতা সারা দিন থাকে যে গড়াতে;

কড়ি খেলিবার ঘর মজে গিয়ে গোখুরার ফাটলে হারায়;



ডাইনীর মতো হাত তুলে-তুলে ভাঁট আঁশশ্যাওড়ার বন

বাতাসে কি কথা কয় বুঝি নাকো, -বুঝি নাকো চিল কেন কাঁদে

পৃথিবীর কোনো পথে দেখি নই আমি, হায়, এমন বিজন

শাদা পথ-সোঁদা পথ-বাঁশের ঘোমটা মুখে বিধবার ছাঁদে

চলে গেছে শ্মশানের পারে বুঝি;-সন্ধ্যা সহসা কখন;

সজিনার ডালে পেঁচা কাঁদে নিম-নিম নিম কার্তিকের চাঁদে।