ঘুমায়ে পড়িব আমি একদিন তোমাদের নক্ষত্রের রাতে - জীবনানন্দ দাশ

ঘুমায়ে পড়িব আমি একদিন তোমাদের নক্ষত্রের রাতে

শিয়রে বৈশাখ মেঘ-শাদা-শাদা যেন কড়ি-শঙ্খের পাহাড়

নদীর ওপার থেকে চেয়ে রবে- কোনো এক শঙ্খবালিকার

ধূসর রূপের কথা মনে হবে-এই আম জামের ছায়াতে

কবে যেন তারে আমি দেখিয়াছি-কবে যেন রাখিয়াছে হাতে

তার হাতে- কবে যেন তারপর শ্মশান চিতায় তার হাড়

ঝরে গেছে, কবে যেন; এ জনমে নয় যেন-এই পাড়াগাঁর

পথে তবু তিন শো বছর আগে হয়তো বা- আমি তার সাথে



কাটায়েছি; পাঁচশো বছর আগে হয়তো বা — সাতশো বছর

কেটে গেছে তারপর তোমাদের আম জাম কাঁঠালের দেশে;

ধান কাটা হয়ে গেলে মাঠে-মাঠে কতোবার কুড়ালাম খড়;

বাঁধিলাম ঘর এই শ্যামা আর খঞ্জনার দেশ ভালোবেসে,

ভাসানের গান গুনে কত বার ঘর আর খড় গেল ভেসে

মাথুরের পালা বেঁধে কত বার ফাঁকা হল খর আর ঘর।