দিকপ্রান্তে  - সুকান্ত ভট্টাচার্য

ভাঙন নেপথ্য পৃথিবীতে;

অদৃশ্য কালের শত্রু প্রচ্ছন্ন জোয়ারে,

অনেক বিপন্ন জীব ক্ষয়িষ্ণু খোঁয়াড়ে

উন্মুখ নিঃশেষে কেড়ে নিতে,

দুর্গম বিষণ্ণ শেষ শীতে।



বীভৎস প্রাণের কোষে কোষে

নিঃশব্দে ধ্বংসের বীজ নির্দিষ্ট আয়ুতে

পশেছে আঁদার রাত্রে- প্রত্যেক স্নায়ুতে;-

গোপনে নক্ষত্র গেছে খসে

আরক্তিম আদিম প্রদোষে।।



দিনের নীলাভ শেষ আলো

জানাল আসন্ন রাত্রি দুর্লক্ষ্য সংকেতে।

অনেক কাস্তের শব্দ নিঃস্ব ধানেক্ষেতে

সেই রাত্রে হাওয়ায় মিলাল;

দিক্প্রান্তে সূর্য চমকাল।।