আরে ও রঙিলা নায়ের মাঝি - জসীম উদ্‌দীন---রঙিলা নায়ের মাঝি 

আরে ও রঙিলা নায়ের মাঝি।

তুমি এই ঘাটে লাগায়ারে নাও

লিগুম কথা কইয়া যাও শুনি।

তোমার ভাইটাল সুরের সাথে সাথে কান্দে গাঙের পানি,

ও তার ঢেউ লাগিয়া যায় ভাসিয়া কাঙ্খের কলসখানি।

পূবালী বাতাসে তোমার নায়ের বাদাম ওড়ে,

আমার শাড়ীর অঞ্চল ধৈরয না ধরে।

তোমার নি পরাণরে মাঝি হারিয়াছে কেউ;

কলসী ভাসায়া জলে গণেছ নি ঢেউ।